খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) বাজারের ফল ও খাদ্যদ্রব্য পরীক্ষা করে দেখেছে যে তাতে শরীরের জন্য ক্ষতিকর মাত্রায় ফরমালিন, আর্সেনিক ও ক্যাডমিয়াম রয়েছে। গতকাল বুধবার সকালে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পবা ৭ থেকে ২৩ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন বাজার থেকে ফল ও খাদ্যের নমুনা সংগ্রহ করে এবং তাতে ফরমালিন, আর্সেনিক ও ক্যাডমিয়ামের উপস্থিতি ও মাত্রা পরীক্ষা করে। পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, আমের নয়টি নমুনার মধ্যে ছয়টি, আপেলের ২৩টি নমুনার নয়টি, আঙুরের সাতটি নমুনার চারটিতে ফরমালিন ছিল। একইভাবে মালটার ১৪টি নমুনার ১০টি, কমলার আটটি নমুনার ছয়টি, কলার ১১টি নমুনার ছয়টি, পেয়ারার আটটি নমুনার দুটি, ডালিমের নয়টি নমুনার চারটি, আনারসের পাঁচটি নমুনার চারটি, আমড়ার আটটি নমুনার দুটি, জাম্বুরার পাঁচটি নমুনার একটি, আটার ১৫টি নমুনার ১৩টি ও সেমাইয়ের নয়টি নমুনার সাতটিতে ফরমালিনের উপস্থিতি মিলেছে। এ ছাড়া চালে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও ক্যাডমিয়াম।
সংবাদ সম্মেলনে বলা হয়, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে আদালত নির্দেশ দিলেও সরকার এখন পর্যন্ত তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেয়নি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও ঝিমিয়ে পড়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। সংগঠনের চেয়ারম্যান আবু নাসের খানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।