২৭৬টি পদে প্রার্থী প্রায় ৩৫ হাজার, ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা ঢাকায়
খাদ্যে নিয়োগ-প্রক্রিয়া নিয়ে আবার প্রশ্ন
খাদ্য অধিদপ্তরের অধীনে চতুর্থ শ্রেণির চারটি বিভাগে (ক্যাটাগরি) আবারও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার প্রার্থীর মধ্য থেকে ২৭৬টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে। কাল সোমবার শুরু হচ্ছে এই পরীক্ষা।
নিয়োগ কমিটির একজন সদস্য জানান, একযোগে ছয়টি কমিটি মৌখিক পরীক্ষা নেবে। কিন্তু প্রার্থী বেশি হওয়ায় প্রতিদিন প্রতিটি কমিটিকে ১৭৫ জন করে প্রার্থীর সাক্ষাৎকার নিতে হবে। তাতে একেকজন প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য সময় পাওয়া যাবে মাত্র দুই মিনিটের মতো। এই সময়ের মধ্যে যাচাই করে যোগ্য প্রার্থী বাছাই করা কঠিন।
জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান প্রথম আলোকে বলেন, চতুর্থ শ্রেণির পদে বিশেষ করে দারোয়ান, স্প্রে-ম্যান প্রভৃতি পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তা ছাড়া তাড়াহুড়া নেই। ছয়টি কমিটি পরীক্ষা নেবে। কোনো সমস্যা হবে না।
মহাপরিচালক যা-ই বলুন, পরীক্ষা কমিটিগুলোকে যেভাবে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে, তা এই প্রক্রিয়ায় অসম্ভব বলে মনে করেন নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা। অতীতের অভিজ্ঞতা থেকে তাঁরা বলেন, এক দিনে একটি কমিটি ৮০ জনের বেশি প্রার্থীর সাক্ষাৎকার নিতে পারে না। অথচ এবার প্রার্থীর সংখ্যা দ্বিগুণের বেশি।
এ কারণে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচনের আগে প্রার্থীদের প্রাক্-যোগ্যতা যাচাইয়ের কোনো একটি পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য ছিল বলে কর্মকর্তারা অভিমত প্রকাশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চতুর্থ শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া না-নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে।
এর আগে এত বেশিসংখ্যক প্রার্থীকে ঢাকায় এনে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাইয়ের কোনো অভিজ্ঞতা খাদ্য অধিদপ্তরের নেই। এই শ্রেণির কর্মচারী নিয়োগের পরীক্ষা আগে জেলায় জেলায় নেওয়া হতো।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিয়োগের প্রক্রিয়াধীন পদের মধ্যে সাইলো অপারেটিভ ২৪ জন, স্প্রে-ম্যান ১৬, দারোয়ান ২৩১ ও এমএলএসএস পাঁচজন। এই ২৭৬টি পদের জন্য ত্রুটিমুক্ত আবেদনকারী ৩৪ হাজার ৭১৯ জন। অধিদপ্তর থেকে প্রার্থীদের দেওয়া চিঠিতে জানানো হয়েছে, সাতটি কমিটি মৌখিক পরীক্ষা নেবে। প্রতিদিন প্রতিটি কমিটি ১৫০ জনের সাক্ষাৎকার নেবে।
কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন করেছে ছয়টি কমিটি। ফলে এখন ৭ নম্বর কমিটিতে প্রতিদিন যে ১৫০ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, সেই প্রার্থীদেরও অন্য ছয়টি কমিটিতে ভাগ করে দেওয়া হবে।
অধিদপ্তরের মহাপরিচালকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টায় সাক্ষাৎকার নেওয়া শুরু হবে। প্রতিটি কমিটির করণীয় হিসেবে ১২টি নির্দেশনা রয়েছে। প্রার্থীর সব সনদের মূল কপি যাচাই করা; শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা ও প্রশ্নের সঠিক উত্তর প্রদান বিবেচনায় নিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে সূত্রগুলো বলছে, সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট সময় সাত ঘণ্টা। এর মধ্যে দুপুরের খাবার, নামাজ ও চা-পানের জন্য এক ঘণ্টা বিরতি দিতে হবে। অবশিষ্ট ছয় ঘণ্টায় ১৭৫ জনের সাক্ষাৎকার নিতে হলে জনপ্রতি দুই মিনিটের মতো সময় পাওয়া যায়।
এর মধ্যে একজন প্রার্থীর বের হয়ে যাওয়ার পর আরেকজনের কমিটির সামনে হাজির হতে আধা মিনিট অবশ্যই লাগবে। এরপর প্রার্থীর নাম-ঠিকানা মিলিয়ে হাজিরা নেওয়া; প্রার্থীদের সব সনদের মূল কপি যাচাই করা; প্রশ্ন করে বা কিছু লিখতে দিয়ে শিক্ষাগত যোগ্যতা যাচাই করা; শারীরিক সক্ষমতা যাচাই করা প্রভৃতির জন্য সময় পাওয়া যাবে দেড় মিনিটের মতো।
নিয়োগ-প্রক্রিয়াটি এমন করা হয়েছে কেন, জানতে চাইলে সূত্রগুলো বলে, হয়তো যাঁরা চাকরি পাবেন, তাঁরা আগেই ঠিক হয়ে আছেন। কিংবা অন্য কোনো কারণে এই দায়সারা গোছের প্রক্রিয়ায় নিয়োগ করা হচ্ছে। ২৭৬টি পদে এই নিয়োগের সরকারি অনুমোদন দেওয়া হয় গত ৯ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে হবে।
বিগত সরকারের সময় খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সহস্রাধিক পদে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০-এর পরিবর্তে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ায় এ অভিযোগ তখন উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু শেষ পর্যন্ত গোঁজামিল দিয়ে নিয়োগ-প্রক্রিয়া শেষ করা হয়।