খাদ্যে ফরমালিন দিলে মৃত্যুদণ্ডের বিধান রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ফরমালিন দিলে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়াসহ কয়েকটি দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)৷ ক্যাবের মুন্সিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল বুধবার শহরে এই কর্মসূচি পালিত হয়৷
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট নিরসন এবং মুন্সিগঞ্জের সঙ্গে রেললাইন স্থাপনের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে গতকাল সকাল ১০টায় শহরের পুরাতন কাচারি থেকে সুপার মার্কেট এলাকা পর্যন্ত এ মানববন্ধনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷
বক্তারা খাদ্যদ্রব্যে ফরমালিনসহ বিষাক্ত পদার্থ মেশানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ খাদ্যে ফরমালিন মেশানোর দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানান তাঁরা৷
বক্তারা আরও বলেন, মুন্সিগঞ্জে গ্যাস, পানি ও বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। গ্যাস–সংকটের জন্য গৃহিণীদের রান্না করতে খুব দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। পানির স্তর নিচে চলে যাওয়ায় নলকূপ দিয়ে পানি উঠছে না। ফলে পানির সংকট সৃষ্টি হয়েছে।
ক্যাবের মুন্সিগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, মুক্তিযোদ্ধা আলী আকবর, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচীব নাসিরউদ্দিন, মুন্সিগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ প্রমুখ৷