খাদ্যে বিষক্রিয়ায় ফরিদপুরে পুলিশের ২১ সদস্য অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে বিষক্রিয়ায় ফরিদপুর পুলিশ লাইনসের ২১ জন সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পুলিশ ব্যারাকে ইফতারি খাওয়ার পরপরই বিষক্রিয়ার ঘটনা ঘটে।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইদ্রিস আলী, নায়েক মো. মাহফুজ রয়েছেন। বাকি ১৯ জন পুলিশের সদস্য (কনস্টেবল)।

ফরিদপুর জেনালের হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে পুলিশ লাইনসের ২১ সদস্য ওই খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সদস্যরা জানান, ইফতারির সময় ব্যারাক থেকে ভুনা ছোলা, খেজুর ও শরবত সরবরাহ করা হয়। শরবতের পানিতেই ভেজাল ছিল বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের সিভিল সার্জন (সিএস) সিরাজুল হক তালুকদার বলেন, আক্রান্ত ব্যক্তিরা ইফতারসামগ্রী খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর) এ বি এম জাকির হোসেন ইফতারি খেয়ে পুলিশের কয়েকজন সদস্যের অসুস্থ হয়ে পড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।