খাদ্যে বিষক্রিয়ায় স্ত্রীর মৃত্যু, স্বামী ও ছেলে অসুস্থ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গতকাল বুধবার খাদ্যে বিষক্রিয়ায় বিয়ারা গ্রামের বুলবুলি বেগম (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় স্বামী জামাত আলী (৫৮) ও ছেলে ফজলুল ইসলামকে (২০) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের আত্মীয়স্বজন ও সিরাজগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে বুলবুলি তরকারি রান্না করে ঘরে রেখে দেন। গতকাল সকাল নয়টার দিকে বুলবুলি, জামাত ও ফজলুল ওই খাবার খান। খাওয়ার কিছুক্ষণ পর বুলবুলি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর বাকি দুজনও বমি করতে থাকেন। অসুস্থ অবস্থায় তিনজনকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেলা পৌনে একটার দিকে বুলবুলি মারা যান। পরে বাবা-ছেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেঞ্চদ জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই তিনজন অসুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন। বর্তমানে দুজনের মধ্যে জামাত এখন পর্যন্ত পুরোপুরি আশঙ্কামুক্ত নন।