খাদ্যে বিষক্রিয়ায় ৪০ জন পুলিশ সদস্য অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্তুজাসহ ৪০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার শহরের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁর খাবার খেয়ে তাঁরা অসুস্থ হন। এর মধ্যে আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এক নারী কনস্টেবলকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, সোমবার সদর থানায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় জেন্ডার সংবেদনশীলবিষয়ক এক কর্মশালা ছিল। এতে অংশ নেওয়া পুলিশ সদস্যরা শহরের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে আটজনকে সোমবার রাতেই সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কনস্টেবল সাথী খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরবরাহ করা খাবার খেয়েই পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় রেস্তোরাঁর মালিক আবদুল নাসেরসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজির উদ্দীন বলেন, ভর্তি হওয়া পুলিশ সদস্যরা বমি, পাতলা পায়খানা ও জ্বরে আক্রান্ত। খাদ্যে বিষক্রিয়ায় এ অবস্থা হতে পারে।