খাদ্যে বিষক্রিয়া একই পরিবারের ১৪ জন অসুস্থ
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামে গত বুধবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুসহ একই পরিবারের ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। পরে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা এবং ১১ জনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উত্তর আকাশকুড়ি গ্রামের কৃষক আবদুস সাত্তারপরিবারের সবাই গত বুধবার দুপুরে ভাত খাওয়ার পর সন্ধ্যায় সবাই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের সবাইকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আবদুল হাই (৩০), রুমা আক্তার (২৬), ফরিদুল ইসলাম (২৫), জবেদা বেগম (২৫), ছবি আক্তার (১৩), সিদ্দিকুর রহমান (১৫), গোলাম রাব্বানী (২০), ফাহিম (৩), আবদুল সাদিক (৫), মিনা আক্তার (২৩) ও জিহাদকে (৪) ভর্তি করা হয়।
বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অনুপ কুমার রায় প্রথম আলোকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা উদরাময় (পেটের পীড়া) রোগে আক্রান্ত হন। রাতেই তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনকে ভর্তি করা হয়। আজ সকালে এর মধ্যে চারজন সুস্থ হওয়ায় তাঁদেরও ছেড়ে দেওয়া হয়েছে।