খাদ্যে বিষক্রিয়া বন্ধে আইনের সমন্বিত প্রয়োগের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে বিষক্রিয়া বন্ধে অবিলম্বে নিরাপদ খাদ্য আইন ও ফরমালিন আইনসহ বিদ্যমান আইনের যথাযথ ও সমন্বিত প্রয়োগের তাগিদ দিয়েছেন আলোচনা সভার বক্তারা। গতকাল শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘বিষমুক্ত খাদ্য নিশ্চিতকরণ: গৃহীত ব্যবস্থা ও করণীয়’ শীর্ষক সভায় তাঁরা এসব কথা বলেন।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যে বিষক্রিয়া বন্ধের জন্য সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি নিজেদের কাজ ঠিকমতো করতে না পারে তবে সেগুলো বন্ধ করে দেওয়াই ভালো। তা ছাড়া খাদ্যে বিষক্রিয়া বন্ধে সরকারেরও সদিচ্ছার অভাব রয়েছে বলে বক্তারা দাবি করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, আইন অনেক আছে, প্রয়োগ তো নেই। দৃশ্যমান বিচার, দৃশ্যমান শাস্তি হতে হবে। মানুষ যাতে বোঝে অন্যায় করলেই শাস্তি পেতে হবে। পদে পদে সুশাসনের অভাব, কিন্তু কে দেখবে, সরকার তো ঘুমাচ্ছে। বিষমুক্ত কোনো খাবার বাংলাদেশে আছে বলে মনে হয় না। বিষযুক্ত খাবার খেয়ে একজন অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে মানবাধিকারের কথা বলে কী লাভ।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘শুধু মোবাইল কোর্ট বসিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। মোবাইল কোর্টে বিচার হচ্ছে গরিব খুদে বিক্রেতাদের। মূল হোতারা আড়ালেই থেকে যাচ্ছে। আমাদের আইনগুলো শুধু দরিদ্র, দুর্বলদের শাস্তি দিতে পারে। সবল, ধনীরা আইনের আওতার বাইরে থেকে যায়।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান।