ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অর্ধশতাধিক ছাত্রী গত বুধবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হল ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই হলের ডাইনিংয়ের খাবার খেয়ে ২১ জন অসুস্থ হলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে (হেলথ কেয়ার সেন্টার) পাঠানো হয়। তাঁদের অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অনেকের বমি হচ্ছে। ওই চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকেরা ওই হলে গিয়ে আরও প্রায় ৩৪ জন ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাঁদের ময়মনসিংহে কলেরা হাসপাতালে স্থানান্তর করা হয়। ডাইনিংয়ের খাদ্য মানসম্মত না হওয়ায় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ছাত্রীরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।