খাদ্যে বিষক্রিয়ায় একজনের মৃত্যু, অসুস্থ অর্ধশত
কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ উচ্চবিদ্যালয়ে বিতরণ করা খাবার খেয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ অন্তত অর্ধশত লোক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে এক নারী গত সোমবার রাতে মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম আছিয়া বেগম (৩০)। তিনি কালিকাপ্রসাদ গ্রামের ফকিরপাড়ার আসাব উদ্দিন মিয়ার স্ত্রী।
বিদ্যালয়ের দুই শিক্ষক বলেন, গত শনিবার কালিকাপ্রসাদ উচ্চবিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ দেড় সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়। দুপুরের খাবার হিসেবে রাখা হয় পোলাও, মুরগির রোস্ট ও ডিম। প্যাকেটজাত করে ওই খাবার একটার দিকে বিতরণ করা হয়। খাবার আনা হয় ভৈরব শহরের জামে মসজিদ রোডে অবস্থিত নান্না বিরিয়ানি হাউস থেকে।
শিক্ষকেরা আরও বলেন, রোববারে তাঁরা খবর পান খাবার খাওয়ার পর থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তির সংখ্যা সোমবার বাড়তে থাকে। অসুস্থ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত সোয়া ১০টার দিকে আছিয়ার মৃত্যু হয়।
এই ঘটনায় সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার হাসপাতাল পরিদর্শন করেন। গুরুতর অসুস্থ ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারুফা ইসলাম বলে, সোমবার সকালে পেট ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর বমিভাব হয়। নবম শ্রেণির লিজা আক্তার, তানিয়া বেগম ও রোজিনা বেগম জানায়, পেট ব্যথা ও বমিভাবের পাশাপাশি পাতলা পায়খানাও হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী বলেন, তাঁর ধারণা, বিতরণ করা খাবার থেকে সমস্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, আছিয়ার নাম অভিভাবক বা আমন্ত্রিতদের তালিকায় ছিল না।
এদিকে ঘটনার পর থেকে স্থানীয় নান্না বিরিয়ানি হাউসটি বন্ধ করে রাখা হয়। এই কারণে প্রতিষ্ঠানটির কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে আপ্যায়ন কমিটির আহ্বায়ক লিয়াকত আলী খান বলেন, নান্না বিরিয়ানি হাউস থেকে ১ হাজার ২০০ প্যাকেট খাবার আনা হয়। তাঁরাও এ খাবার খেয়েছেন। অনেকে প্যাকেট বাড়িতে নিয়ে যান। দুপুরের খাবার খান সন্ধ্যায় বা রাতে। এই কারণে কিছু প্যাকেটের খাবারের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। এ থেকেই সমস্যার সৃষ্টি হতে পারে।