খাদ্যে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু!
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মা-ছেলের মৃত্যু হয়েছে। খাদ্য বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার রাত নয়টার দিকে মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন মাধাইনগর পশ্চিম পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনাবান খাতুন (৩৫) ও তাঁদের ছেলে হোসাইন উদ্দীন (৪)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, শনিবার দুপুরে ওই দুজন কচুর লতি দিয়ে শুঁটকি মাছ রান্না করা তরকারি দিয়ে ভাত খান। কিছুক্ষণ পর দুজনই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া হলে তাঁরা কিছুটা সুস্থ বোধ করেন। সন্ধ্যায় পুনরায় অসুস্থ হলে তাঁদের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজীব রায় জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। স্বজনদের দেওয়া তথ্যে মনে হচ্ছে খাদ্য বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।
ওসি জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।