খাদ্যে বিষক্রিয়ায় শ্যামনগরের দুই গ্রামে ডায়রিয়া
খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত আরও ৩০ জনকে রোববার ও সোমবার সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার শতাধিক শিশু, নারী ও পুরুষকে ভর্তি করা হয়।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শঙ্করকাটি ও দেউল গ্রামে শুক্র ও শনিবার চার শতাধিক শিশু, নারী ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে শতাধিক মানুষকে সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় পাঠানো চিকিৎসক দল এখনো কাজ করছে।শ্যামনগর কাশিমাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান জানান, শঙ্করকাটি ও দেউল গ্রামের চার শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি। তবে অনেকের অবস্থা অপরিবর্তিত থাকায় রবি ও সোমবার আরও ৩০ জনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পাঠানো চিকিৎসা দল এখনো এলাকায় কাজ করছে।শ্যামনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, নতুন করে ৩০ জনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি ৬০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ রোজার দিন শুক্রবার স্থানীয় একটি মসজিদে ইফতারি খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। শনিবার ঈদের দিন সন্ধ্যা থেকে তাদের গ্রামের চার শতাধিক মানুষের ডায়রিয়া দেখা দেয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ার পর শনি, রবি ও সোমবার ১২৭ জনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।