খাদ্যে বিষক্রিয়ায় ১১ জন অসুস্থ
বগুড়ার ধুনট উপজেলায় গতকাল সোমবার খাদ্যে বিষক্রিয়ায় ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷
এলাকার অনেকে জানান, উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের আবদুর রাজ্জাক (৫৫) আত্মীয়দের দাওয়াত করে বাড়িতে আনেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি সব আত্মীয় ও পরিবারের সদস্যদের দই খেতে দেন৷ দই খাওয়ার পর দুপুরের দিকে অনেকের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে ওই পরিবারের সদস্যসহ ১১ জন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজ্জাক, নয়ন হোসেন (১১), চানপুরি খাতুন (৪০), সোহাগ মিয়া (১৬), সোনেকা খাতুন (৪৩), শারমিন আকতার (২২) ও সাব্বির আহম্মেদকে (৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে রাজ্জাক, সোহাগ ও সাব্বিরের অবস্থার অবনতি হলে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷
ঘটনা শোনার পর থেকেই দই বিক্রেতা সাতটিকুরি গ্রামের আনছার আলী আত্মগোপানে রয়েছেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুবুজ্জামান জানান, খাদ্যে বিষক্রিয়ায় এসব ব্যক্তি অসুস্থ হয়েছেন।