খাদ্যে ভেজাল প্রতিরোধে মানববন্ধন
‘স্বাস্থ্য আমার অধিকার, জীবন বাঁচাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ করুন’—স্লোগান সামনে রেখে গতকাল সোমবার পবিত্র রমজান মাসের প্রথম দিন পঞ্চগড় ও লালমনিরহাটে মানববন্ধন করা হয়েছে।
সকাল ১০টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা (আরডিআরএস) বাংলাদেশের উদ্যোগে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এবং লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে।
পঞ্চগড়ে মানববন্ধন চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবীর, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন ও সামাজিক উন্নয়ন কর্মকর্তা শাফকাতুল আলম বক্তব্য দেন।
লালমনিরহাটে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, টিআইবির এলাকা ব্যবস্থাপক কমল কান্ত সাহা প্রমুখ বক্তব্য দেন ।
বক্তারা জেলায় জেলায় খাদ্য আদালত (ফুডকোর্ট) স্থাপন করে খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান সারা বছর অব্যাহত রাখা এবং বিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তকে স্বাস্থ্য ও খাদ্যসম্পর্কিত সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্ত করারও দাবি করেন। খাদ্যে ভেজাল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচার চালাতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।