স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে মানসম্মত খাবার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটি প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জাবাবে মন্ত্রী এ কথা জানান। বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে রাজধানীর ২৭টি স্থানে ১২০টি পানি নিষ্কাশন পাম্প বসানো হচ্ছে। চলতি জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত জনবল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ পরিচালনা করা হবে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ৮৭ শতাংশ মানুষ সুপেয় পানি পান করে এবং মানসম্মত স্যানিটেশন ব্যবহারকারীর সংখ্যা ৮৮ শতাংশ। শাহ আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ হবে।অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এলজিইডির তত্ত্বাবধানে জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২২টি এবং উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২২৩টি পৌরসভায় অর্থাৎ মোট ২৪৫টি পৌরসভায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিল্ক ভিটা প্রতিদিন গড়ে দুই লাখ ৪০ হাজার লিটার দুধ সংগ্রহ করে। প্রতিদিন গড়ে এক লাখ ৯০ হাজার লিটার পাস্তুরিত তরল দুধ বিক্রি করা হয় এবং বাকি ৫০ হাজার লিটার দুধ থেকে অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করে বিক্রি করা হয়।হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশের ৫১ লাখ পরিবারকে প্রশিক্ষণ দিয়ে কৃষি ও অকৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ইতিমধ্যে নয় হাজার ৬৪০টি গ্রামের পাঁচ লাখ ৭৮ হাজার ৪০০ পরিবারকে এই প্রকল্পভুক্ত করা হয়েছে।নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে আইন হবে: সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এই নিয়োগের বিষয়ে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন, ২০১১-এর খসড়া করেছে। এই খসড়া নিয়ে কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। আগামী জুলাই মাসে এই সংলাপ শেষে প্রস্তাবিত আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। এর পরই আইনটি প্রণয়নের কাজ শুরু করা হবে।অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন নির্বাচনে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তা কম থাকায় স্থানীয় পর্যায়ের নির্বাচনে মাঠ প্রশাসনের অন্য কর্মকর্তাদেরও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।