রাজধানীতে এক নাগরিক সমাবেশে খাদ্যে ভেজাল ও রসায়নিক মেশানোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, খাদ্যে ভেজাল মিশ্রণকারীরা খুনির চেয়েও ভয়ংকর অপরাধী। খুনি একজন বা দুজনকে খুন করে, কিন্তু ভেজালের কারণে পুরো জাতি তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হয়।গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাসদের কেন্দ্রীয় মহিলা ফোরাম ও সিপিবির নারী সেল যৌথভাবে এ নাগরিক সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, জীবনরক্ষাকারী ওষুধ থেকে শুরু করে ফল, মাছ, মাংস, দুধসহ সব খাদ্যে অবাধে ফরমালিন, কার্বাইড, ইউরিয়া সার, হাইড্রোজ, ক্ষতিকর রংসহ বিভিন্ন রাসায়নিক মেশানো হচ্ছে। এসব রাসায়নিক মানুষকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।মহিলা ফোরামের সভাপতি রওশন আরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি শুভ্রাংশু চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নুরুল হাসান, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।