খাদ্যে ভেজাল রোধে চাই সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের প্রয়োগে শিথিলতা, সরকারের ব্যবসায়ী তোষণনীতি, দুর্বল ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠনসহ নানা কারণে প্রতিনিয়ত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ভোক্তাদের প্রকৃত প্রতিনিধিত্ব না থাকায় তাঁদের স্বার্থ উপেক্ষিত থাকছে। এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিও সরকারের রয়েছে বিমাতাসুলভ আচরণ।
গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব অভিযোগ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান, ক্যাব চট্টগ্রামের বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক যোবায়ের আহমেদ, বিএসটিআইয়ের উপপরিচালক শওকত ওসমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাবেক সভাপতি আশরাফ খান, ক্যাব চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রকৃত অর্থে শক্তিশালী হতে পারেনি। জনবল, আনুষঙ্গিক সহায়তা (লজিস্টিক সাপোর্ট) ও তহবিল সংকটের কারণে শুধু ভ্রাম্যমাণ আদালতের মধ্যেই এর কার্যক্রম সীমাবদ্ধ থাকছে।
আইনে ফাঁকফোকর থাকায় খাদ্যে ভেজাল দেওয়ার পরও ভেজালকারীরা পার পেয়ে যাচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, সব পর্যায়ের ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে খাদ্যে ভেজাল নির্মূল ও প্রতারক ব্যবসায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।