খাদ্যে ভেজাল রোধে প্রচলিত আইন সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি আরোপেরও সুপারিশ করা হয়। কমিটির এসব সুপারিশসংবলিত প্রতিবেদন গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।প্রতিবেদনটি উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। গত বছরের ২৪ অক্টোবর সরকারি দলের রফিকুল ইসলাম খাদ্যে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা নিতে ৭১ বিধিতে নোটিশ দেন। পরে আলোচনা শেষে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী এ বিষয়ে প্রতিবেদন দিতে নোটিশটি শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান।কমিটির প্রতিবেদনে ভেজাল রোধে কৃষি, খাদ্য, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে কার্যক্রম নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের আওতার কৃষিজাত দ্রব্য, কাঁচা ফলমূল, সবজি, মাছ, মাংসজাতীয় দ্রব্যের ভেজাল রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। কমিটি মনে করে, ন্যাশনাল ফুড সেফটি কাউন্সিল এবং স্থানীয় প্রশাসনকে সক্রিয় করলে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব।প্রতিবেদন উপস্থাপনের পর নোটিশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আশা করেছিলাম, কমিটি আমাকে ডাকবে। কিন্তু ডাকেনি। সেটা তাদের বিষয়। আমার কাছে কিছু সুপারিশ আছে। এখনো পত্রপত্রিকায় খাদ্যে ভেজালের বিষয়টি জানা যায়। ফরমালিন এখনো অনেক সহজপ্রাপ্য। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে আমাদের দেশে কোনো সুনির্দিষ্ট কমিটি নেই। আমরা মানুষকে রক্ষা করতে চাই। কিন্তু কমিটি যে সুপারিশ করেছে, তা ভেজাল রোধে বর্তমান ব্যবস্থাকে বহাল রেখেই করা হয়েছে। আমরা আরও উন্নত কিছু চেয়েছিলাম।’রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে ভেজাল থাকতে পারে। কিন্তু খাদ্যে যেন না থাকে। খাদ্য ও ওষুধে ভেজাল চিরতরে বন্ধ করতে হবে। অন্য সবকিছুর তুলনায় এটা অন্যতম পবিত্র দায়িত্ব। না হলে আমাদের সংসদ সদস্য থেকে লাভ কী?’ তিনি প্রতিবেদন আবার কমিটিতে পাঠানোর এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের আদলে পৃথক সংস্থার দাবি জানান।এ সময় রফিকুল ইসলামের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘এটা কমিটিতে পাঠানোর সুযোগ নেই। আপনি যদি এ বিষয়ে প্রচলিত আইনের সংশোধন চান, তবে বিল আনতে পারেন।’