খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে৷ পণ্যের মান নিয়ন্ত্রণসহ ভেজাল পণ্য ও খাদ্যসামগ্রী থেকে জনগণকে রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷
প্রধানমন্ত্রী গতকাল বুধবার জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা জানান৷ তিনি জানান, গত সাড়ে পাঁচ বছরে শুধু ভ্রাম্যমাণ আদালত সারা দেশে সোয়া কোটি টাকা জরিমানা করেছেন৷
বেলা ১১টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়৷
শেখ হাসিনা ওই প্রশ্নের জবাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন, এ-সংক্রান্ত অধিদপ্তর প্রতিষ্ঠা, ফরমালিনের আমদানি নিয়ন্ত্রণ, ফরমালিন নিয়ন্ত্রণে আইন প্রণয়নে কার্যক্রম গ্রহণ, জনসচেতনতা, নিয়মিত বাজার তদারকি এবং ফরমালিন আমদানি, বিক্রয় ও ব্যবহার তদারকির কথা তুলে ধরেন৷ তিনি জানান, ভেজাল পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে ইতিমধ্যে আট হাজার ৭৯৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আট কোটি আট লাখ ৯৮ হাজার ৩০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে৷ খাদ্যপণ্যে ফরমালিন মেশানোয় ১৮৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৪ লাখ ৫১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে৷ ফরমালিন মেশানো ফল, মাছ বিভিন্ন স্পটে ধ্বংস করা হয়েছে৷ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে ৪৬৩টি ফার্মেসিকে ৪২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷