খাদ্যে ভেজালে কঠোর শাস্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ক্ষমতা আইনে খাদ্য, পানীয়, পশু বা প্রাণীর খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের শাস্তির নতুন ধারা সংযোজনের সুপারিশ করেছে আইন কমিশন। এসব ক্ষেত্রে অনধিক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের সুপারিশ করা হয়েছে। কমিশন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এটি ধারা হিসেবে সংযোজন এবং অপর একটি ধারার উপধারায় একটি দফা সংযুক্ত করারও সুপারিশ করেছে কমিশন।
আইন কমিশন গৃহনির্মাণসামগ্রী, আসবাব এবং অন্য যেকোনো ব্যবহারযোগ্য দ্রব্যের সঙ্গে নিম্নমানের উপকরণ দিয়ে ভেজাল মিশিয়ে এবং জানা সত্ত্বেও বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রেখে সরবরাহ করলেও তাও অপরাধ হিসেবে গণ্য করতে বলেছে। এ জন্য খাদ্য, পানীয়, ওষুধ, প্রসাধন দ্রব্যে ভেজাল মেশানো বা বিক্রির জন্য দণ্ডসংক্রান্ত আইনের ২৫ গ ধারার ২ উপধারায় দফা ‘গ’ হিসেবে এটি সংযুক্ত করার কথা বলা হয়েছে। ওই ধারার অপরাধের ক্ষেত্রে আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের কথা রয়েছে।
গতকাল সোমবার আইন কমিশন থেকে এই সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সোমবার প্রথম আলোকে বলেন, সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নেবে।
১৯৭৪ সালের ৯ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইন করা হয়। ইংরেজি ভাষায় করা আইনের ২৫ ধারায় কালোবাজারে লেনদেনের দণ্ড, ২৫ (এ) ধারায় মুদ্রা-নোট এবং সরকারি স্ট্যাম্প জাল করার দণ্ড, ২৫ (বি) ধারায় চোরাচালানের দণ্ড, ২৫ (সি) ধারায় খাদ্য, পানীয়, ওষুধ, প্রসাধন দ্রব্যে ভেজাল মেশানো বা বিক্রির দণ্ড, ২৫ (ডি) ধারায় অপরাধ সংঘটনে উদ্যত হলে দণ্ড এবং ২৫ (ই) ধারায় কোম্পানি দ্বারা অপরাধের বিষয়ে বলা হয়েছে। এখন আইন কমিশন ২৫ (সি)-এর পরে ২৫ গগ নতুন ওই ধারা সংযোজন করার সুপারিশ করেছে। আইনের ২৫ (সি) ধারায় দুটি উপধারা আছে। এর মধ্যে উপধারা ২তে দুটি দফা রয়েছে। কমিশন এখন ‘গ’ হিসেবে গৃহনির্মাণসামগ্রী বা আসবাব বা অন্য যেকোনো ব্যবহারযোগ্য দ্রব্যের সঙ্গে নিম্নমানের দ্রব্য দিয়ে ভেজাল মেশানো অপরাধ হিসেবে গণ্য করার কথা বলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন কমিশন সূত্রে জানা গেছে, খাদ্যদ্রব্যে ফরমালিন ও কার্বাইডসহ বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার হচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে আগে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না। খাদ্যদ্রব্যে রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে নিরাপদ খাদ্য আইন থাকলে তা এখনো কার্যকর হয়নি। এ ক্ষেত্রে শাস্তির মাত্রাও কম। সম্প্রতি খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার এবং ভেজাল মেশানো বেড়ে যাওয়ায় দেশজুড়ে এ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ জুন ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’ এর বাংলা অনুবাদের সঠিকতা যাচাইয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা বিষয়ে মতামত দিতে অনুরোধ করে। এর পরই কমিশন এই সুপারিশ করেছে।
আইন কমিশন ধারা ২৫ গগ সংযোজনের সুপারিশ করে বলেছে, যদি কোনো ব্যক্তি (ক) কোনো খাদ্য বা পানীয় দ্রব্য বা পশুখাদ্যদ্রব্য অপচনশীলকরণ, সৌন্দর্যবৃদ্ধিকরণ, দ্রুত পরিপক্বকরণসহ পশু বা প্রাণীর দ্রুত বৃদ্ধির উদ্দেশ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে; (খ) রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা কোনো খাদ্য বা পানীয় দ্রব্য বা পশুখাদ্যদ্রব্য বিক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তাব বা প্রদর্শন করে; (গ) রাসায়নিক দ্রব্য প্রয়োগকৃত কোনো খাদ্য বা পানীয় দ্রব্য বা পশুখাদ্যদ্রব্য বিক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করে বা মজুত করে; তবে সে ব্যক্তি অনধিক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।