খাদ্যে ভেজালের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ক্ষতিকর রং, রাসায়নিক ও ফলে ফরমালিন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে গতকাল রোববার রাজধানীর উত্তরা এলাকায় আটজনকে অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
একই দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি এবং বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা র‌্যাব-১-এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উত্তরায় লা বামবা ফার্স্ট ফুডের মোহাব্বত আলীকে ১০ হাজার, লতিফ এম্পোরিয়ামের হিমালয় রেস্টুেরেন্টের মনির হোসেন ও মাসুম মিয়াকে এক লাখ ১০ হাজার, খাজানা রেস্টুরেন্ট ও কাবাব ঘরের হাবিব আহমেদ ও সোহাগ মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন। ফরমালিন মেশানো আম বিক্রির অভিযোগে মজিবুর রহমান, আমজাদ খান ও মামুন মিয়া নামের তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর: অধিদপ্তরের তিনটি দল গতকাল র‌্যাব ও পুলিশের সহায়তায় কয়েকটি এলাকায় ভেজালবিরোধী অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ইফতারি তৈরি করার দায়ে বনানীর রসনা বিলাস নামের একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, মহাখালীর ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং শাহিন স্কুল কমপ্লেক্সে ক্রিস্টাল প্যালেসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
গুলশান এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে নূর ভ্যারাইটিজ স্টোরকে পাঁচ হাজার টাকা ও রূপা কনফেকশনারীকে আট হাজার টাকা, বেশি দামে চিনি ও ভোজ্যতেল বিক্রির অপরাধে লিটন জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা ও শাহজালাল জেনারেল স্টোরকে দুই হাজার টাকা, বনানীর পেঙ্গুইন জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, শাহীন স্কুল এলাকার শাপলা শালুক জেনারেল স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়।