খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত নিরাপদ রাখতে হবে। পবিত্র রমজানের মতো সারা বছর ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। সব অসাধু ব্যবসায়ীকে জবাবদিহির আওতায় আনতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সম্মেলনকক্ষে এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। ‘পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত পথখাবার’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে এফবিসিসিআই।
বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সদিচ্ছা থাকলে এবং তাঁরা কঠোর হলে দেশে ভেজাল খাদ্য বন্ধ করা সম্ভব। কারণ তাঁদের কারখানায় উৎপাদিত ও আমদানি করা পণ্য নিয়েই ইফতারিসহ অন্যান্য খাদ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ভালো ব্যবসায়ীদের মূল্যায়ন ও খারাপদের বিরুদ্ধ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নিরাপদ খাদ্য পেতে সমাজের সবাই মিলে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, রমজানে চকবাজারে ঐতিহ্যবাহী অনেক ইফতারি পাওয়া যায়। কিন্তু এখানের সব খাদ্য ভেজালমুক্ত নয়। যেসব কারখানায় খাদ্য উৎপাদন করা হয়, সেখানে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলবে। ইতিমধ্যে প্রায় ২০০ খাদ্য পরিদর্শককে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দু-এক বছরের মধ্যে কোথাও ভেজাল খাবার থাকবে না।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আগে ফরমালিনযুক্ত আম, লিচুসহ বিভিন্ন ফল বাজারজাত করতে না দেওয়ায় কোটি টাকা লোকসান হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কিন্তু এবার ফরমালিনমুক্ত ফল বাজারজাতে কয়েক কোটি টাকা লাভ হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, অভিযান চালিয়ে বিভিন্ন সুপারশপে অনেক খাদ্যে ভেজাল পাওয়া গেছে। এসব সুপারশপে ভেজাল খাবার মেনে নেওয়া যায় না। কারণ, সুপারশপের খাদ্যপণ্যে মানুষের অনেক আস্থা ও বিশ্বাস থাকে। তিনি বলেন, ভোক্তা অধিকার বাস্তবায়ন করতে কয়েকটি আইন পাস করা হয়েছে। দেশের বিভিন্ন ইউনিয়নে ভেজালবিরোধী কমিটিও গঠন করা হয়েছে। ভবিষ্যতে দেশের উৎপাদিত ভেজাল ও বিষমুক্ত সবজিসহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হবে। সব দোকানিকে মাথায় টুপি ও দুই হাতে দস্তানা পরতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, রমজান মাসসহ বছরের প্রতিটি দিন ভেজালমুক্ত খাদ্য চাই। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত নিরাপদ রাখতে হবে। ভেজালকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল মেশানো কারখানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানোর কয়েক দিন পর আবার তারা উৎপাদন শুরু করে। তারা কীভাবে আবার কারখানা চালু করে? প্রশাসনকে এ বিষয়ে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।’
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তাক হাসান মো. ইফতেখার বলেন, খাদ্যে ভেজাল বন্ধ করতে হলে আগে আমদানি ও উৎপাদনকারী ব্যবসায়ীদের সচেতন হতে হবে। তাহলেই খুচরা বাজারে ভেজাল কমবে। গোলটেবিল বৈঠক এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা নেওয়াজের সভাপতিত্বে ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাপোলো হাসপাতালের পুষ্টি বিভাগের অধ্যক্ষ তামান্না চৌধুরী। অনুষ্ঠানে রমজান মাস উপলক্ষে পথখাবার বিক্রেতাদের মধ্যে টুপি, দস্তানা ও গামছা বিতরণ করা হয়।