খাদ্যে রাসায়নিক দ্রব্য মেশালে যাবজ্জীবন কারাদণ্ড দাবি
খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও গ্রিন মাইন্ড সোসাইটি।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবসায়ীরা কপার সালফেট, ক্যালসিয়াম কার্বাইড, পটাশের তরল দ্রবণ, কপার সালফাইড, কার্বনের ধোঁয়া, কার্বাইডসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করছেন। তা ছাড়া ফল, সবজি, মাছসহ বিভিন্ন খাদ্যসামগ্রী টাটকা ও তাজা রাখতে ফরমালিনও ব্যবহূত হচ্ছে। রাসায়নিক বিষ মেশানো এসব ফল ও খাদ্য মানবদেহে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যানসারসহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।বক্তারা বিষাক্ত রাসায়নিক দ্রব্য দিয়ে ফল পাকানোর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হাইকোর্ট সরকারকে যে নির্দেশ দিয়েছেন, তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তা ছাড়া সব ধরনের খাদ্য মজুদকারী গুদাম ও কারখানা নিয়মিত পরিদর্শন, খাদ্যে বিষ মেশানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আটক করতে একটি সেল গঠন এবং সাধারণ মানুষের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য জানার জন্য নিয়ন্ত্রণকক্ষ চালু করারও দাবি জানান তাঁরা।মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, আমির হাসান, মোরশেদ আলম, ইফমা হোসেন, ইবনুল সাঈদ রানা প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।