প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যসংকট হ্রাসের লক্ষ্যে সারা বিশ্বে খাদ্যের অপচয় রোধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাপরিচালক ও আঞ্চলিক প্রতিনিধি হিরোইয়ুকি কোনুমা গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের সব অভুক্ত লোকের জন্য খাদ্য নিশ্চিত করতে উত্পাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের অপচয় রোধের উপায় আমাদের খুঁজে বের করতে হবে।’ প্রধানমন্ত্রীর সঙ্গে হিরোইয়ুকির বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠককালে তাঁরা বৈশ্বিক ও আঞ্চলিক খাদ্যের নিরাপত্তা এবং খাদ্য উত্পাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।এফএওর প্রতিনিধি শেখ হাসিনার পূর্ববর্তী সরকারের মেয়াদে এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বর্তমান মেয়াদে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তাঁর সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আপনার (শেখ হাসিনা) যোগ্য নেতৃত্বে স্বল্পতম সময়ে খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিশ্বে নজির স্থাপন করেছে।’ দেশে খাদ্য উত্পাদনে বিগত আওয়ামী লীগ সরকারের সাফল্যের উল্লেখ করে হিরোইয়ুকি বলেন, ‘তত্কালীন ৪০ লাখ টনের বেশি খাদ্য ঘাটতি মিটিয়ে ২৬ লাখ টন অতিরিক্ত খাদ্য উত্পাদন করা আপনার বিগত সরকারের জন্য ছিল একটি বিরাট সাফল্য।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশে উদ্বৃত্ত খাদ্য উত্পাদনে তাঁর সরকারের সাফল্যের স্বীকৃতিতে খাদ্য ও কৃষি সংস্থা ১৯৯৭ সালে শেখ হাসিনাকে সম্মানজনক সেরেস পুরস্কার প্রদান করেছিল।বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ ও ঢাকাস্থ এফএও প্রতিনিধি এড স্পিকার্স এ সময় উপস্থিত ছিলেন।