খাদ্যের দাম বাড়ায় পোলট্রিশিল্পে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে মুরগির খামারের মালিকেরা লোকসানের মুখে পড়েছেন। মুরগির খাবারের (পোলট্রি ফিড) দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এবং বাজারে মুরগির দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। লোকসানের মুখে গত আট-দশ মাসে জেলার প্রায় এক হাজার খামার বন্ধ হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে বাকি খামারগুলোও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খামারিরা। জেলায় প্রায় সাড়ে চার হাজার মুরগির খামার ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালে ৫০ কেজি ওজনের এক বস্তা খাদ্যের দাম ছিল ৭০০ টাকা। একই খাদ্যের দাম বাড়তে বাড়তে ২০১১ সালে বস্তাপ্রতি দাঁড়িয়েছে এক হাজার ৭৫০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত। খাদ্যের দাম যে হারে বেড়েছে, সেই তুলনায় মুরগির দাম না বাড়ায় পোলট্রিশিল্পে বিপর্যয় দেখা দিয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। অপরদিকে খামারিরা জানান, পুঁজি না থাকায় তাঁরা মহাজনের কাছ থেকে বাকিতে এক দিনের বাচ্চা ক্রয়, মুরগির খাদ্য ও ওষুধ কিনে ব্যবসা চালান। বাকিতে কেনার জন্য বাচ্চাপ্রতি এক টাকা এবং ৫০ কেজি ওজনের খাবারের প্রতি বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাম গুনতে হয়। সোনালি জাতের মাংসের জন্য উৎপাদিত মুুরগি ৭০ দিন পালন করতে হয়। ৭০ দিনে এক হাজার মুরগি পালন করতে ৫০ কেজি ওজনের প্রায় ৪০ বস্তা খাদ্যের প্রয়োজন। বাকিতে কেনার ফলে বস্তাপ্রতি ১০০ টাকা বেশি দিতে হয়। এতে প্রতি হাজার মুরগিতে উৎপাদনখরচ ছয়-সাত হাজার টাকা বেশি হয়। আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জাহানারা পোলট্রি কমপ্লেক্সের মালিক মামুনুর রশীদ জানান, কিছুদিন আগেও তাঁর খামারে সোনালি জাতের এক হাজার ৪০০টি মুরগি রানীক্ষেত ও গাম্বুরা রোগে মারা যায়। এতে তাঁর প্রচুর লোকসান হয়েছে। জামালগঞ্জ বাজারে একটি ব্যাংকে তাঁর ঋণ রয়েছে। তিন মাস ধরে ঋণের টাকা কিস্তি হিসেবে পরিশোধ করতে পারেননি। তাঁর দাবি, সরকার স্বল্প সুদে বন্ধ হয়ে যাওয়া খামারের মালিকদের ঋণ দিলে এবং খাদ্যে ভর্তুকি দিলে জেলার এই শিল্পটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেত। জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর গ্রামে মেসার্স ভাই ভাই পোলট্রি খামারের মালিক আবদুল মোত্তালেব জানান, গত ছয় মাসে তাঁর ১৫-২০ লাখ টাকা লোকসান হয়েছে। পোলট্রি ফিড ব্যবসায়ী রমজানুজ্জামান ও আলম হোসেন জানান, বাচ্চা ও মুরগির খাদ্য বাকিতে বিক্রি করতে হয়। খামারিদের লোকসানের কারণে প্রায় অর্ধকোটি টাকা বাকি পড়েছে। জামালগঞ্জ বাজারের পোলট্রি ফিড ব্যবসায়ী ও খামার মালিক আরিফ আহমেদ জানান, ব্যবসা করতে গিয়ে তাঁরও প্রায় অর্ধকোটি টাকা বাকি পড়েছে। এই প্রভাব ছোট-বড় সব ব্যবসায়ীর ওপর পড়েছে। মণ্ডর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত পদ্মা ফিডের মালিক আনারুল ইসলাম জানান, খাদ্যের দাম আগের তুলনায় বেড়েছে—এ কথা ঠিক। পোলট্রি ফিডের ৮০ ভাগ কাঁচামাল বিদেশ থেকে উচ্চমূল্যে আমদানি করা হয়। বিশ্ববাজারে পোলট্রি কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। কিষান পোলট্রি অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্সের মালিক জিয়াউল হক জানান, খামারিরা আর আগের মতো বাচ্চা কিনতে আসছেন না। ২৪-২৫ টাকা দামের বাচ্চা এখন আট-নয় টাকায় কেনার লোক নেই। একটি বাচ্চার উৎপাদন-খরচ দাঁড়ায় ১৩-১৪ টাকা। তাদের বিক্রি করতে হচ্ছে লোকসান দিয়ে। জয়পুরহাট সোনালি মুরগি উৎপাদন ও বিপণন সমিতির সভাপতি কাবিল আকন্দ জানান, জেলায় সাড়ে চার হাজার মুরগির খামার ছিল। অব্যাহত লোকসানের মুখে আট থেকে দশ মাসে এক হাজারের বেশি খামার বন্ধ রয়েছে। তবে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল বন্ধ হয়ে খামারের সংখ্যা সাত থেকে আট শ হতে পারে বলে জানিয়েছেন। তিনি আরও জানান, জেলায় নিবন্ধন করা খামারের সংখ্যা এক হাজার ৪০০। আর অনিবন্ধনকৃত খামার রয়েছে প্রায় ৩ হাজার।