খাদ্যের নিয়োগ প্রক্রিয়া বািতল চেয়ে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের অধীনে চতুর্থ শ্রেণির চারটি বিভাগে (ক্যাটাগরিতে) ২৭৬টি শূন্য পদে কর্মচারী নিয়োগে চলমান বাছাই-প্রক্রিয়া বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে আইনজীবী ড. শাহদীন মালিক গতকাল সোমবার খাদ্যসচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন) বরাবর ওই নোটিশ পাঠান।

নোটিশে যথাযথ আইন, নির্দেশনা, সার্কুলার ও প্রজ্ঞাপন অনুসারে ২৭৬টি পদে বাছাই-প্রক্রিয়ার ব্যবস্থা করতে এবং ২০ নভেম্বরের মধ্যে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

‘খাদ্যে নিয়োগ-প্রক্রিয়া নিয়ে আবার প্রশ্ন’ শিরোনামে গত ৯ নভেম্বর  প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের অধীনে চতুর্থ শ্রেণির চারটি বিভাগে আবারও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার প্রার্থীর মধ্যে ২৭৬টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে।  

পরে আইনজীবী ড. শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, খাদ্য মন্ত্রণালয় ওই নিয়োগ-প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার মানা হয়নি। সার্কুলারে শতকরা ৭০ নম্বর লিখিত ও ৩০ নম্বরে মৌখিক পরীক্ষা নেওয়ায় বাধ্যবাধকতা রয়েছে। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে আবেদনকারী ৩৪ হাজার ৭৯১ জন প্রার্থীর মধ্যে ২৭৬ জনকে বাছাই করা ত্রুটিযুক্ত ও পক্ষপাতিত্বমূলক প্রক্রিয়া। এমনকি ৩৪ হাজারের বেশি প্রার্থীকে জেলাভিত্তিক পরীক্ষার পরিবর্তে ঢাকায় মৌখিক পরীক্ষা নেওয়ার প্রক্রিয়াটি উদ্দেশ্যমূলক।