খান-এ-সবুর রোডের নামফলক ভেঙে ফেলল ছাত্রলীগ
খুলনা নগরের জোড়াগেট এলাকায় অবস্থিত খান-এ-সবুর রোডের নামফলক ভেঙে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টুর নেতৃত্বে নামফলকটি ভাঙা হয়।
এ সময় জোড়াগেট থেকে নগরের ডাকবাংলা মোড় পর্যন্ত সব দোকান ও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লেখা খান-এ-সবুরের নামও কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়। ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন বলেন, রাজাকারের নামে খুলনা জেলার কোনো রাস্তা ও প্রতিষ্ঠানের নাম থাকতে পারে না। এখন থেকে সড়কটির নাম ‘যশোর রোড’। গত ২৫ আগস্ট খান-এ-সবুর সড়কের নাম পরিবর্তনের নির্দেশ দেন উচ্চ আদালত। খুলনা সিটি করপোরেশনকে দ্রুত এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়।
বিভিন্ন স্থাপনা, সড়ক, অবকাঠামো থেকে স্বাধীনতাবিরোধীদের নাম বাদ দেওয়ার আরজি জানিয়ে ২০১২ সালে শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন একটি রিট আবেদন করেছিলেন। ওই সময় রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত অন্তর্বর্তী আদেশে রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত খান-এ-সবুরসহ অন্যান্য রাজাকারের নামে থাকা স্থাপনায় তাঁদের নাম ব্যবহার স্থগিত রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই নির্দেশ অনুসরণ করা হচ্ছে না জানিয়ে রিট আবেদনকারীরা গত ২৩ আগস্ট আবার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত সড়কের নাম পরিবর্তনের নির্দেশ দেন।