খান এ সবুরের নামে সড়কের নাম বদলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায়ের পরও খুলনায় খান এ সবুরের নামে সড়কের নাম থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা অবিলম্বে এ সড়কের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে নগরের বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা শাখা।
বক্তারা উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনার আহ্বান জানান। পাশাপাশি দেশের কোথাও যেন আর কোনো রাজাকার বা যুদ্ধাপরাধীর নামে সড়ক বা স্থাপনার নাম না থাকে, সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর শীর্ষস্থানীয় দালাল ও যুদ্ধাপরাধী খান এ সবুরসহ কোনো স্বাধীনতাবিরোধীর নামে সড়ক বা স্থাপনার নাম থাকতে পারে না। উচ্চ আদালতের রায়ে স্পষ্টভাবে বলা আছে, খুলনায় খান এ সবুর সড়কসহ বাংলাদেশের কোনো স্থাপনায় স্বাধীনতাবিরোধীদের নাম রাখা যাবে না। কিন্তু দুর্ভাগ্য, পাঁচ বছর পরও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি করপোরেশন আদালতের নির্দেশ কার্যকর করেনি।
সংগঠনের সভাপতি শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য শ্যামল সিংহ রায় ও সাংস্কৃতিক কর্মী শাহিন জামাল।