দীর্ঘ ১১ বছর পর আজ রোববার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। স্বাধীনতার পর এই প্রথম সিদ্দিকী ও খান পরিবারের প্রত্যক্ষ প্রভাবমুক্ত পরিবেশে এ ধরনের সম্মেলন হচ্ছে।
দলীয় সূত্র জানায়, স্বাধীনতার পর থেকে জেলা আওয়ামী লীগের প্রতিটি সম্মেলনেই টাঙ্গাইলের রাজনীতিতে বহুল আলোচিত সিদ্দিকী ও খান পরিবারের আধিপত্যের প্রতিযোগিতা চলত। গত বছর সিদ্দিকী পরিবারের বড় ছেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় মন্ত্রিত্ব হারিয়েছেন, দল থেকেও বহিষ্কৃত হয়েছেন। পরে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে প্রভাবশালী খান পরিবারের কর্ণধার জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান ২০১২ সালে মারা যান। শামসুর রহমান খানের ভাতিজা সাংসদ আমানুর রহমান খান (রানা), পৌরসভার মেয়র সহিদুর রহমান খানসহ (মুক্তি) তাঁর চার ভাই আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত হয়ে প্রায় এক বছর আত্মগোপনে আছেন। দুটি প্রভাবশালী পরিবারের প্রভাবমুক্ত পরিবেশে সম্মেলন আয়োজন করায় সাধারণ নেতা-কর্মীরা এখন উৎসব আমেজে আছেন।
সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান নতুন সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচন হবেন—এটা প্রায় নিশ্চিত। তবে নানা আলোচনা ও পর্যালোচনা চলছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। এ পদে প্রার্থীও কয়েকজন। খান পরিবারবিরোধীদের মধ্য থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফউজ্জামান ওরফে স্মৃতি, আওয়ামী লীগের নেতা নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ এ পদে প্রার্থী হচ্ছেন।
এ ছাড়া খান পরিবারের সমর্থনে দলের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান ওরফে মেনু এ পদে প্রার্থী হচ্ছেন। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে গণসংযোগ করছেন। তাঁর পক্ষে মাঠে নেমেছেন খান পরিবারের সমর্থকেরা। খান পরিবারের সমর্থন নিয়ে প্রার্থী হওয়া সম্পর্কে আলমগীর খান বলেন, ‘আমি সন্ত্রাসীদের বিরোধী। তৃণমূলে আমার ভোট ব্যাংক আছে। তারা আমাকে এই পদে দেখতে চায়।’
জোয়াহেরুল ইসলাম বলেন, ‘ছাত্রাবস্থা থেকে শুরু করে সব পর্যায়ে সামনে থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। এ জন্য সবার কাছে আমি জনপ্রিয়। দলের পক্ষে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। সুতরাং দলের মধ্যে সব পর্যায়ের নেতা-কর্মীদের কাছে আমার একটা অবস্থান আছে।’
আশরাফউজ্জামান বলেন, ‘দীর্ঘদিন আমি দলের সঙ্গে থেকে দলকে সংগঠিত করেছি। তাই আমার বিশ্বাস নেতা-কর্মীরা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।’
একমাত্র নারী প্রার্থী নাহার আহমেদ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় আমার স্বামীকে খান পরিবারের সন্ত্রাসীরা হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদ জানাতেই আমি প্রার্থী হয়েছি।’
সর্বশেষ ২০০৪ সালের ৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।