খান জাহান আলী দিঘি রক্ষার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনা নগরের মুজগুন্নী এলাকায় অবস্থিত খান জাহান আলী দিঘি রক্ষার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দিঘি সুরক্ষা, পুনরুদ্ধার ও সংরক্ষণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিটি করপোরেশনের মেয়র এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

তা ছাড়া ঐতিহাসিক দিঘিটি ভরাটের কবল থেকে সংরক্ষণ করা ও ভরাট করা অংশ আগের অবস্থায় কেন ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত বৃহস্পতিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এই রুল জারি করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থমূলক মামলার প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করা হয়।

দিঘিটির আকার ও আকৃতি পরিবর্তন করা থেকে বিরত থাকতে ভরাটকারীদের ওপর ছয় মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তা ছাড়া ভরাটকারীদের চিহ্নিত করে তাঁদের কার্যক্রম কঠোরভাবে তদারকি করে দিঘিটির বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কিত তথ্যসংবলিত একটি প্রতিবেদন সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন বেলার আইনজীবী সাঈদ আহমেদ কবীর ও আলী মোস্তফা খান।

বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান বলেন, খান জাহান আলী দিঘিটি ভরাট বন্ধে উচ্চ আদালতে বেলার পক্ষ থেকে আবেদন করা হয়। আদালত ভরাট বন্ধের নিষেধাজ্ঞার পাশাপাশি দিঘিটি সংরক্ষণের নির্দেশ নিয়েছেন। দিঘিটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন।

দিঘিটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে তা ভরাটের উদ্যোগ নেন এর মালিকেরা। গত বছর একবার ভরাটের উদ্যোগ নিলে এলাকাবাসীর আন্দোলনের মুখে তা বন্ধ হয়। কিন্তু দুই মাস আগে পাইপলাইনের মাধ্যমে ভৈরব নদ থেকে বালু এনে পুকুরের চার ভাগের প্রায় এক ভাগ ভরাট করা হয়। পরে খুলনা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভরাট বন্ধ করে দ্রুত পাইপ সরিয়ে নিতে নির্দেশ দেন।