
চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী জেসমিন আরাকে অবশেষে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসায় গতকাল বুধবার সকালে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
যশোর প্রেসক্লাবে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শামারুখের বাবা নুরুল ইসলাম ময়নাতদন্তের প্রতিবেদন পাল্টে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।
ধানমন্ডি থানা সূত্র জানায়, এ মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সকালে আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপুর বাসায় গিয়ে খান টিপু দম্পতি ও গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করে। ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। শামারুখের বাবাকে তদন্তের স্বার্থে ঢাকায় আসতে বলা হয়েছে। তাঁর উপস্থিতিতে ওই বাসা থেকে কিছু জিনিস জব্দ করা হবে।
পুলিশ জানায়, তিন দিনের রিমান্ড শেষে শামারুখের স্বামী হুমায়ুন সুলতানকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। খান টিপু দম্পতি উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছেন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবকেরা শামারুখের নিরপেক্ষ ময়নাতদন্ত এবং তাঁর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে হলি ফ্যামিলির অধ্যাপক মহিবুর রহমান, শামারুখের মামা কাজী ফিরোজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
খান টিপুর বাসায় গত বৃহস্পতিবার শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় নুরুল ইসলাম শামারুখের শ্বশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।
নুরুল ইসলামের সংবাদ সম্মেলন: যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘নিয়ম অনুযায়ী লাশের ময়নাতদন্ত হয়। এ জন্য আমাদের পক্ষ থেকে কোনো তদবির বা চাপ নেই। অথচ ফরেনসিক মেডিসিনের প্রধান বলেছেন, “কেসটা নিয়ে আমরা ভীষণ চাপে আছি।” এই চাপটা দিচ্ছে কে?’ তিনি অভিযোগ করেন, শ্বশুর, শাশুড়ি ও স্বামী শ্বাসরোধে তাঁর মেয়েকে হত্যার পর লাশ বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন।