খান সাইফুর রহমানের ইন্তেকাল
ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খান সাইফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর সিটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন খান সাইফুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক মাস আগে তাঁকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট চত্বরে তাঁর প্রথম জানাজা ও বিকেলে ঝালকাঠির নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
খান সাইফুর রহমান ১৯৩৮ সালের ৩ অক্টোবর ঝালকাঠি জেলার সারিংগাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনার পর ১৯৬২ সালে বরিশাল জেলা আদালতে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। এরপর ১৯৭৪ সাল থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত হন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সুপ্রিম কোর্টেই আইন পেশায় নিয়োজিত ছিলেন।
চাঞ্চল্যকর মামলা মনিটরিংয়ে বিগত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।
এ ছাড়া ওয়ান-ইলেভেনের সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর ছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় আসামিপক্ষের প্রধান আইনজীবী, আগরতলা ষড়যন্ত্র মামলা, জনতা টাওয়ার মামলাসহ বহু ঐতিহাসিক মামলায় তিনি আইনজীবী ছিলেন।