খান সারওয়ার মুরশিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য শিক্ষাবিদ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য প্রতিভা। তিনি ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা জুগিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ চলাকালে ও তার পরবর্তী সময়ে মুজিবনগর কমিশনের সদস্য ছিলেন। এ ছাড়া, পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি