খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। এ উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
খান সারওয়ার মুরশিদ ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা জুগিয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উপদেষ্টা এবং পরবর্তী সময়ে মুজিবনগর কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। বিজ্ঞপ্তি।