খান সারওয়ার মুরশিদের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে মেঘলা পরিবেশ। গুলশান ক্লাবের ভেতরে অন্য রকম এক আলোর দীপ্তি ছড়িয়েছেন বরেণ্য শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ। গতকাল শুক্রবার ছিল তাঁর ৯০তম জন্মবার্ষিকী। এ দিনে সৃজনশীল অঙ্গনের আলোকিত জনদের সাংস্কৃতিক মঞ্চ ‘আলোকিত নগরী’ ও নাগরিক কমিটির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।খান সারওয়ার মুরশিদের জন্মদিনে উপস্থিত সমবেত সুধীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। করতালির মাধ্যমে তাঁকে জন্মদিনের আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর পরপরই কেক কেটে তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়। সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, স্বজনসহ আরও অনেকেই সে সময় বরেণ্য এই ব্যক্তির শতায়ু কামনা করলেন।শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘তোমায় গান শোনাব’ এবং ‘আবার এসেছে আষাঢ়’ এই তিনটি গান গেয়ে শোনান। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। খান সারওয়ার মুরশিদকে উত্তরীয় পরিয়ে দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।সংক্ষিপ্ত আলোচনায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তাঁর রস ও রুচিবোধ দ্বারাই আমরা আপ্লুত ছিলাম। বিদ্যায়তনের প্রতি একজন শিক্ষকের দায়িত্ববোধ, দেশপ্রেমের কর্তব্য সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছেন তা আমাদের জীবনে চলার পথে অত্যন্ত সহায়তা করেছে।’ব্যারিস্টার আমীর-উল ইসলাম বললেন, ‘দেশের পক্ষে বিভিন্ন ধরনের আন্দোলন করতে গিয়ে তাঁর পরামর্শ আমরা সব সময়েই পেয়েছি।’ ‘তাঁর অবদান তরুণদের জন্য শিক্ষামূলক। খুব অল্প সময়ে তিনি যেসব কাজ করে গেছেন, তা এখনকার তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় হতে পারে,’ এমন উক্তি করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বাংলা শিল্প-সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করতে খান সারওয়ার মুরশিদের অবদান অনেক গুরুত্ব বহন করেন।’খান সারওয়ার মুরশিদের জন্মদিনে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আমিনুর রহমান প্রমুখ।