বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া সঙ্গী খান সুমন বিমানেই কলকাতায় এসেছেন। গতকাল শুক্রবার আদালতে পেশ করা নূর হোসেনের মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে এ দাবি করা হয়।
পুলিশ গত ১৪ জুন খান সুমনকে কলকাতার অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার করে। গত ১৫ ও ২৩ জুন এবং ৭ জুলাই নূর হোসেনের সঙ্গে খান সুমনকে আদালতে আনার পর খান সুমন সাংবাদিকদের সামনে বারবার দাবি করেন, তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় আসেন। বসিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকেননি। এরই পরিপ্রেক্ষিতে ৭ জুলাই খান সুমনের পক্ষে আইনজীবী তারক চন্দ্র দাস ও অনুপ ঘোষ আসামি খান সুমনের পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট ইত্যাদির ফটোকপি সংযুক্ত করে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে একটি আবেদন করেন। হাকিম বিষয়টি তদন্ত করে ১১ জুলাই আদালতে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেন।
গতকাল ১১ জুলাই নূর হোসেনের মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। ১৪ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত।
সুমনের আইনজীবীরা গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, সুমন খান বিমানে করে ১০ জুন কলকাতা আসেন। তবে তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশ তাঁর কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পায়নি। আইনজীবীরা জানান, খান সুমনের পাসপোর্ট নম্বর এই-০৭৯২৪২৮। ভিসা নম্বর ৬০০৯১৪৫৩। ভিসা ইস্যু তারিখ ১৭-০৪-১৪। মেয়াদ ১৬-১০-১৪ পর্যন্ত।