খান সুমনের জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার হওয়া খান সুমনের জামিনের আবেদন গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায়। আদালতে সুমনের পক্ষে দাখিল করা পাসপোর্টসহ অন্য কাগজপত্র ছিল জাল।
আদালতে ৭ জুলাই খান সুমনের জামিনের আবেদনে উল্লেখ করা হয়, তিনি পাসপোর্ট-ভিসা নিয়ে বৈধভাবে দমদম বিমানবন্দর দিয়ে কলকাতায় প্রবেশ করেন। এই দাবির পক্ষে তাঁর দুই আইনজীবী তারকচন্দ্র দাস ও অনুপ ঘোষ সুমনের পাসপোর্ট, বিমানের টিকিট এবং ভিসার আবেদনপত্রের ফটোকপি আদালতে জমা দেন। হাকিম ওই কাগজপত্র সঠিক কি না, তা যাচাই করে ১১ জুলাই প্রতিবেদন দেওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ১১ জুলাই আদালতে প্রতিবেদন দিলেও সেদিন শুনানি হয়নি।
গতকাল মামলাটি আদালতে উঠলে সুমনের আইনজীবীরা জামিনের আবেদনটি তোলেন। তবে আদালতে সুমনের জামিনের আপত্তি করেন সরকারি আইনজীবী (পিপি) বিকাশ রঞ্জন দে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশের সন্ত্রাসী। নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি রয়েছে। এরা সহজেই কাগজপত্র জাল করতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনেও বলা হয়, আদালতে সুমনের পক্ষে দাখিল করা কাগজপত্র জাল। এর পরই হাকিম তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। সেই সঙ্গে সুমনের জমা দেওয়া কাগজপত্রের তদন্ত প্রতিবেদন মামলার সঙ্গে নথিভুক্ত করেন হাকিম। শুনানির পরবর্তী তারিখ ২১ জুলাই।
বিকেলে সরকারি আইনজীবী বিকাশ রঞ্জন দে প্রথম আলোকে বলেন, সুমনের পাসপোর্ট, বিমানের টিকিট এবং অন্য যে কাগজপত্র আদালতে দেওয়া হয়েছে তা জাল।
কলকাতার অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।