খানখানাপুরকে উপজেলা করার দাবিতে বিক্ষোভ
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নকে উপজেলা ঘোষণা করার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সভা করেছেন বাসিন্দারা।
খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট-সংলগ্ন মাঠে বিকেলে আলোচনা সভায় খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম সভাপতিত্ব করেন। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমির আলী মোল্যা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আতিক আল আলম, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আলাদীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ কাজী, ইউনিয়ন যুবদলের সহসম্পাদক বশিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউছার হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে সভায় উপস্থিত কয়েক শ মানুষ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, খানখানাপুর বাজারের পাট কেনাবেচার বন্দর হিসেবে সুনাম রয়েছে। তিনি দ্রুত খানখানাপুরকে উপজেলা ঘোষণার দাবি জানান।