খানজাহান আলী সড়কে একের পর এক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খানজাহান আলী সড়কের পিটিআই মোড়ে প্রায়ই গভীর রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে ছিনতাইকারীদের হামলায় লোকজন গুরুতর আহত হচ্ছেন। অথচ পুলিশ ছিনতাই বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নগরের পিটিআই মোড়ে ছিনতাই করেছে। ছিনতাইয়ের শিকার হচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে রাতে খুলনায় আসা লোকজন ও ভোরে কাঁচামাল কিনতে যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছিনতাইকারীদের কবলে পড়ে তাঁরা সর্বস্ব হারাচ্ছেন। বাধা দিলে ছিনতাইকারীরা লোকজনকে কুপিয়ে জখম করছে। গত মাসে সেখানে অন্তত ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এপ্রিলে ওই স্থানে ছিনতাইয়ের ১৫টি ঘটনা ঘটেছে। গত ২১ জুন রাত তিনটায় ঢাকা থেকে রূপসা ঘাটে পৌঁছে রিকশায় করে বাড়ি ফিরছিলেন টুটপাড়া এলাকার বাসিন্দা সিটি পলিটেকনিকের শেষ বর্ষের ছাত্র সোহানুর রহমান। তিনি জানান, মুঠোফোন ও টাকা না দেওয়ায় ছিনতাইকারীরা ছুরি ও চাপাতি দিয়ে তাঁকে কোপায়। ছিনতাইকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তিনি বলেন, ‘ছিনতাইকারীদের একটি ছুরি নিয়ে রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে আমি পুলিশকে অভিযোগ নিতে বলি। কিন্তু পুলিশ বলে, আমি সুস্থ হলে আমার বাসায় এসে অভিযোগ নিয়ে যাবে। আমার বাসাও তারা চিনে গেছে। আজ পর্যন্ত পুলিশ আর আসেনি। এরপর ওই স্থানে ছিনতাইকারীরা আরও দুজনকে কুপিয়ে তাঁদের সব নিয়ে গেছে।’সোহানুর রহমানের কাকা রিপন বিশ্বাস বলেন, ‘আমি ওই এলাকায় গত মাসে ২০টি ছিনতাই হওয়ার কথা শুনেছি।’পিটিআই মোড়ের বাসিন্দা জনি বলেন, ‘৮ জুন রাত চারটার দিকে তিন-চারজন ছিনতাইকারীর কবলে পড়ে একজনকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে তারা আমাকে এলোপাতাড়ি কোপায়। এরপর এলাকায় আরও পাঁচটি ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।’ঢাকা সিটি ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র ও মিয়াপাড়ার বাসিন্দা কাজী আসিফ বলেন, ‘এপ্রিল মাসে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পিটিআই মোড়ে ছিনতাইকারীরা ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে কোপায়।’পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ, তা জানা ছিল না। এখন জানলাম। এ ব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর ছিনতাইকারীর হামলায় আহত হওয়ার ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’