খানজাহানের দিঘিতে এবার নারীর হাতে কুমিরের কামড়
বাগেরহাট সদর উপজেলার হজরত খানজাহানের (র.) মাজারের দিঘির কুমির গতকাল মঙ্গলবার এবার আছিয়া বেগম (৪০) নামের এক নারীর হাত কামড়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আছিয়া সদর উপজেলার ষাটগম্বুুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের জোহর মল্লিকের স্ত্রী।গত ২৬ জুন এ দিঘিতে হাত-মুখ ধুতে গিয়ে কুমিরের আক্রমণে মরিয়ম বেগম (৪০) নামের এক নারী নিহত হন। আছিয়া বেগম বলেন, তিনি হজরত খানজাহানের (র.) মাজারের দিঘির উত্তর পাড়ে পানিতে নেমে গতকাল সকালে কচুর লতি তুলছিলেন। এ সময় একটি কুমির তাঁর বাঁ হাত কামড়ে ধরে। কয়েক মিনিট পর তিনি কুমিরের মুখ থেকে হাত ছাড়িয়ে ওপরে আসেন। তিনি আরও বলেন, ‘আমি কলা-কচু বিক্রি করে জীবিকা নির্বাহ করি। চিকিৎসা করানোর মতো টাকা আমার নেই।’বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট মাহবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আছিয়ার বাঁ হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত হাড় ছাড়া কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা, ২০১০-এর আওতায় বাঘ, কুমির ও হাতির হামলায় নিহত ব্যক্তিদের ক্ষেত্রে এক লাখ এবং পঙ্গু হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে খানজাহানের (র.) মাজারের দিঘির কুমিরের হামলায় হতাহত ব্যক্তিদের এ সুযোগ দেওয়া হচ্ছে না।এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, প্রজ্ঞাপনে মাজারের দিঘির কুমিরের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ না থাকায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করা যাচ্ছে না।