খানবাহাদুর আহ্ছানউল্লাহ স্বর্ণপদক পেলেন হূদেরাগ বিশেষজ্ঞ আবদুল মালিক
‘খানবাহাদুর আহ্ছানউল্লাহ স্বর্ণপদক-২০১০’ পেয়েছেন বিশিষ্ট হূদেরাগ চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটেরও প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। গতকাল শনিবার ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন ভবনে আবদুল মালিকের হাতে স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৮৬ সালে এ পদক চালু করেছে। প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী রফিক-উল হক বলেন, উদ্যোক্তাদের ছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাত সরকার একা চালাতে পারে না। আহ্ছানিয়া মিশন এ দুটি খাতে সরকার ও সমাজকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লাহ ব্রিটিশ ভারতের মুসলমানদের শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর নামে প্রবর্তন করা এ পদক এ পর্যন্ত তিনজন চিকিৎসক পেয়েছেন। এতে চিকিৎসকদের মধ্যে অনুপ্রেরণা বাড়বে। আবদুল মালিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘যত দিন আমি বেঁচে থাকব, তত দিন নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে সমাজের সেবা করে যাব।’