খানসামা শহরকে শান্তিপূর্ণ রাখতে সমাবেশ
দিনাজপুরের খানসামা উপজেলা শহরকে শান্তিপূর্ণ রাখতে গত শুক্রবার রাত আটটার দিকে সুপার মার্কেটের সামনে শান্তি সমাবেশ হয়েছে। সমাবেশের আগে শহরে মাইকিং করা হয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ স ম আতাউর রহমান।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছ, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে সেখানে কিছুদিন ধরে আন্দোলন চলছে। ওই কর্মসূচির অংশ হিসেবে গত ৮ জানুয়ারি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির ডাকে খানসামায় হরতাল আহ্বান করা হয়। হরতালের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষকে ঘিরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এতে অশান্ত হয়ে ওঠে খানসামা উপজেলা। উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে গত শুক্রবার ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন খানসামা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবায়ন গোস্বামী, খানসামা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম, আলোকঝাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম, আওয়ামী লীগের নেতা আবদুল মতিন সরকার, বিএনপির নেতা মোবাশ্বের হোসেন, ব্যবসায়ী আমিনুল ইসলাম, জিয়ারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। আমরা শান্তিপূর্ণ অবস্থানে থেকে দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়ন চাই। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আমাদের আশ্বস্ত করেছেন, তিনি উদ্ভূত পরিস্থিতির সমাধান করবেন। তাঁর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি তিনি দ্রুত এর শান্তিপূর্ণ সমাধান দেবেন।’
আলোকঝাড়ি ইউপির চেয়ারম্যান আ স ম আতাউর রহমান বলেন, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটি কারোই কাম্য নয়। উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আন্দোলন থেকে বিরত থেকে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে সিদ্ধান্ত হয়েছে খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে আজ থেকে এখানে কোনো মিছিল, সভা, সমাবেশ, হরতালসহ শান্তিভঙ্গ হয় এমন কর্মসূচি পালন করা হবে না।
ইউপি চেয়ারম্যান আতাউর আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মন্ত্রী এর শান্তিপূর্ণ সমাধান দেবেন। এলাকার উন্নয়নে সবাই মন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এ ছাড়া মন্ত্রী খানসামার আলোকঝাড়ি, ভেড়ভেড়ি, আঙ্গারপাড়া, গোয়ালদিহি, ভাবকী, খামারপাড়া এই ছয় ইউনিয়নে সমন্বিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।