খানসামার টংগুয়ায় সেতু উদ্বোধন
দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ থেকে টংগুয়া বাজার সড়কের বেলান নদীর ওপর নির্মিত সেতুটি উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দিনাজপুর-৪ আসনের সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে সাংসদ বলেন, এই অঞ্চলের মানুষ তিন বছর আগেও ভাবেনি, এখানে রাস্তা ও সেতু হবে। খামার বিষ্ণুগঞ্জ গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির খানসামা উপজেলা প্রকৌশলী মো. জাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীম চরণ রায়, খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবদুল জব্বার, আতোয়ার রহমান, শাহেনওয়াজ, শফিউল আজম চৌধুরী, হাফিজ সরকার প্রমুখ। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার খামার বিষ্ণুগঞ্জ-টংগুয়া বাজার সড়কের বেলান নদীর ওপর প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে ৩০ মিটার আরসিসি গার্ডার সেতুটি গত অর্থবছরে নির্মাণ করা হয়। এর আগে গত রোববার বিকেলে সাংসদ খামার বিষ্ণুগঞ্জ গ্রামে পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের উদ্বোধন করেন। সন্ধ্যায় খানসামা উপজেলা চত্বরে ন্যাশনাল সার্ভিসের উদ্বোধন করেন।