খানসামার সরকারপাড়ায় শুধু পোড়া গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্প রানী (৭০)। তাঁর স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। সন্তানেরাও থাকেন আলাদা। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চলে তাঁর জীবন। পাটকাঠির বেড়া ঘর ছিল একটু মাথা গোঁজার ঠাঁই। ঘরে ছিল পরনের কিছু কাপড়। সঞ্চয় ছিল কিছু ধান, চাল। গত শনিবার রাতের অগ্নিকাণ্ডে মুহূর্তেই তাঁর সব শেষ হয়ে গেছে।
ওই অগ্নিকাণ্ডে পুষ্প রানীর সঙ্গে নিঃস্ব হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের ভেড়ভেড়ি সরকারপাড়ার ভূমিহীন ৬২টি পরিবার। এখানে শুধুই পোড়া গন্ধ।
সরেজমিনে গতকাল রোববার সকালে দেখা যায়, ৬২টি পরিবারের সবাই খোলা আকাশের নিচে। পুরুষেরা বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরির চেষ্টা করছেন। নারীরা অপেক্ষায় রয়েছেন সরকারি সাহায্যের। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই ভূমিহীন। বেশির ভাগ লোকই দিনমজুর।
গ্রামের নলিনী রায় বলেন, তাঁর বাড়ির গোয়ালঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত বীরেন্দ্রনাথ রায়, রমনাথ চন্দ্র রায় বলেন, মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আগুন। ৬২টি পরিবারের ১০০টি ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
রিতা রায় (১৩), চন্দ্রন (১০), উত্তম (১০) বলে, ওই গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠ্যবইসহ সবকিছুই পুড়ে গেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের লেখাপড়া।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কে এম মমিনুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি চাল দেওয়া হয়েছে। আজ সোমবার প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হবে। এ ছাড়া দু-এক দিনের মধ্যে প্রত্যেককে ছয় হাজার করে টাকাও দেওয়া হবে।
এদিকে গতকাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে উপস্থিত হয়ে দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রত্যেককে ১০ কেজি করে চাল দেন। এ ছাড়া জেলা প্রশাসক মীর খায়রুল আলম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের দ্রুত পাঠ্যবই প্রদানের ব্যবস্থার আশ্বাস দেন।