খানসামায় ভয়াবহ আগুন, পুড়েছে ৪৫ বাড়ি
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি সরকারপাড়া গ্রামে ভয়াবহ আগুনে ৪৫ টি বাড়ি পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১২ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
খানসামা থানার পরিদর্শক (তদন্ত) ভবানী কান্ত রায় প্রথম আলোকে বলেন, খানসামার ভেড়ভেড়ি ইউনিয়নের ভেড়ভেড়ি সরকারপাড়া গ্রামের এক বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খুব দ্রুতই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুনে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ভেড়ভেড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ওই গ্রামের নলিনী রায়ের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ৪৫টি বাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তিনটি গরু পুড়ে মারা গেছে।