খানসামায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা উপজেলার কালামাটিয়া সেতুর পাশে গতকাল শনিবার সকালে নছিমনের চাকায় পিষ্ট হয়ে আছিরন বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের কৃষক এফাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা রাসেল রানা বলেন, আছিরন গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাস্তার পাশ দিয়ে জমিতে কাজে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী নছিমন পেছন থেকে ওই বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন সরকার প্রধান বলেন, নিহত আছিরনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিভাবকদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মতিতে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে খানসামা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।