খানসামায় ১৯০টি বাড়িতে নতুন বিদ্যুৎ-সংযোগ
দিনাজপুরের খানসামা উপজেলার ১৯০টি বাড়িতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বুধবার ওই বিদ্যুৎ-সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী জানান, খানসামা উপজেলার ভেড়ভেড়ি ও আঙ্গারপাড়া ইউনিয়ন দুটির পাঁচটি গ্রামে পল্লী বিদ্যুতের পাঁচ কিলোমিটার বিদ্যুৎলাইন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা।এ উপলক্ষে গতকাল বেলা ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার ভেড়ভেড়ি ও আঙ্গারপাড়া ইউনিয়নের পশ্চিম বাসুলি, ধামুশাপাড়া, কচিপাড়া, আশ্রমপাড়া, যোগীপাড়া ও রিফিউজিপাড়ায় পৃথক পাঁচটি সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে ছয় হাজার ৫০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হয়েছে। ৭ বছর আগের ঘন ঘন লোডশেডিং বর্তমানে আর নেই।