খানাখন্দ ও কাদায় ভরা রাস্তা চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরদৌলতদিয়াহাট-চরকর্নেশনা-ফকিরাবাজ রাস্তার উজানচর ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার অংশ খানাখন্দ ও কাদার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এই রাস্তা দিয়েই উপজেলা শহর বাজার থেকে উজানচর ইউনিয়নের চরকর্নেশনা, মহিদাপুর ও মজলিশপুরের মতো দুর্গম কয়েকটি মৌজায় যাতায়াত করতে হয়।১৫ আগস্ট চরকর্নেশনা এলাকায় গিয়ে দেখা গেছে, চরকর্নেশনা রাস্তার শুরু থেকে তারা মাতব্বরপাড়া হয়ে ফকিরাবাজ পর্যন্ত এলাকাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। বৃষ্টির পানির তোড়ে রাস্তা ভেঙে খালের সৃষ্টি হয়েছে। এই খালে বাঁশের সাঁকো তৈরি করে লোকজন কোনোমতে চলাচল করছে। এ ছাড়া রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা থাকায় এলাকাবাসী আশপাশের বাড়ির ওপর দিয়ে চলাচল করছে। ঘোড়ার গাড়ি ছাড়া রিকশা, ভ্যান বা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার উপায় নেই।তারা মাতব্বরপাড়া গ্রামের কৃষক আবদুল সাত্তার শেখ (৩৫) বলেন, ‘রাস্তা ভাঙাচোরা ও কাদা-পানি থাকায় পুরো পথ হেঁটে যেতে হয়। এমনকি তারা মাতব্বরপাড়া এলাকায় রাস্তার মাঝখানে ভাঙা থাকায় নিজেরাই প্রায় চার হাজার টাকা উঠিয়ে বাঁশের সাঁকো তৈরি করে এখন চলাচল করছি।’ একই গ্রামের আফজাল শেখ (৪০) বলেন, এখানকার রাস্তা দেখলে মনে হয়, নর্দমাও এর থেকে অনেক ভালো। এ রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি ছাড়া কিছুই চলতে পারে না।স্থানীয় ঘোড়ার গাড়িচালক মকিম মিয়া বলেন, রাস্তার এমনই খারাপ অবস্থা যে মাঝেমধ্যে ঘোড়ার গাড়িও কাদা-পানিতে আটকে যায়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদের মোল্লা বলেন, ‘গত বছর আমি প্রায় ২০ হাজার টাকা খরচ করে বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছিলাম। এখন পর্যন্ত আমার সেই টাকা ফেরত পাইনি। এ কারণে এবার একটি সাঁকোও তৈরি করে দিইনি। এ ছাড়া চরকর্নেশনা লতিফের দোকান থেকে তারা মাতব্বরপাড়া হয়ে ফকিরাবাজ রশিদ মুন্সির বাড়ির মসজিদ পর্যন্ত রাস্তা তৈরির জন্য একটি প্রকল্প তৈরি করে সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে জমা দিয়েছি। প্রকল্পটি পাস হলে আগামী বছরের প্রথম দিকে হয়তো কাজ করা যাবে। এ জন্য জনগণ ক্ষিপ্ত হলে আমার কিছু করার নেই।’উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, ‘নির্বাচনের আগে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও আমি স্থানীয় জনগণের কাছে রাস্তাটি করে দেওয়ার ওয়াদা করেছি। কিন্তু এখন পর্যন্ত তা করে দিতে পারিনি। এর জন্য বরাদ্দ পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’