খানাখন্দ ও গর্তের কারণে ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সঙ্গে উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের যোগাযোগের একমাত্র সড়কটি বেহালের কারণে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় গর্তের কারণে গাড়ি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, মাল্লাপট্টি সেতুর পর থেকে উজানচর নতুন পাড়া এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
সরেজমিনে ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা শহরের সঙ্গে ইউনিয়ন দুটির যোগাযোগের জন্য ওই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শ মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, স্কুলভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি সেতু পেরোলেই উজানচর ইউনিয়নের নতুন পাড়া শুরু। ওই সড়কে কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও রাস্তার পাশের মাটি ধসে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তে পড়ে অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
গোয়ালন্দ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাত হোসেন জানায়, কষ্ট করে স্কুলবাসে আসা-যাওয়া করতে হয়। ঝাঁকুনিতে মাথাব্যথা ও বমি শুরু হয়।
স্কুলবাসের চালক ফরিদ হোসেন বলেন, রাস্তা বেহালের কারণে মাঝেমধ্যেই সড়কে গাড়ি নষ্ট হয়ে যায়। এতে করে শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে যেতে পারে না।
উজানচর মাখন রায় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপবান আক্তার বলেন, রোগীকে হাসপাতালে নিতে গেলে তাঁর অবস্থা আরও করুণ হয়ে যায়। উপজেলা প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেপ্টেম্বর মাসে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সাইনবোর্ড এলাকা থেকে এক হাজার ২৫০ মিটার সড়ক সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। এখন বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।