গাজীপুরের টঙ্গী থেকে কালীগঞ্জ পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের ১৫ কিলোমিটারই খানাখন্দে ভরা ও ভাঙাচোরা। এই ১৫ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে টঙ্গী-সিলেট ভায়া পাঁচদোনা বাইপাস সড়কের ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় সংস্কারকাজ চলছে। বৃষ্টি না হলে এক সপ্তাহের মধ্যে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
টঙ্গী-কালীগঞ্জ সড়ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড থেকে এ সড়কের শুরু। স্টেশন রোডে যেতেই আহসানউল্লাহ মাস্টার উড়ালসড়ক। গত মঙ্গলবার উড়ালসড়কটি দিয়ে দক্ষিণ পাশে মীরের বাজারের দিকে যেতেই দেখা গেল, সড়কের খানাখন্দ সংস্কারের কাজ চলছে। এ কারণে ওই স্থানের উভয় দিকে যানজট লেগে আছে। সেখান থেকে যানজট পেরিয়ে টঙ্গী মরকুন টিএনটি বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক ভাঙাচোরা। সেখানে গাড়ির গতি ২০-৩০ কিলোমিটারের বেশি ওঠানো যাচ্ছে না। একইভাবে মরকুন, শিলমুন থেকে রেলক্রসিং পর্যন্ত পুরো সড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরপর তিন-চার কিলোমিটার সড়ক ভালো থাকলেও মাঝুখান বাজার ও পশ্চিম মাঝুখান স্কুল পর্যন্ত সড়ক বেহাল। এসব স্থানে কয়েকটি বড় গর্ত থাকায় যানবাহনকে একমুখী হয়ে চলাচল করতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরের পর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর পাল্টে যায় সড়কের চিত্র। খানাখন্দের সঙ্গে যোগ হয় বৃষ্টির পানি। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছিল না।
মাঝুখানের পরই তালটিয়া এলাকা। ওই এলাকার রানা সিএনজি স্টেশনের সামনেই রয়েছে গর্ত। পাশের করমতলা এলাকায়ও একই অবস্থা। মীরের বাজার চার রাস্তার মোড়। মীরের বাজার থেকে বসুগাঁও পর্যন্ত দুই-আড়াই কিলোমিটার সড়কের পুরোটাই কার্পেটিং উঠে গেছে। বসুগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, দুজন শ্রমিক সড়কে ইট দিয়ে মেরামতের কাজ করছেন।
নরসিংদী থেকে উত্তরাগামী একটি কাভার্ড ভ্যান মীরের বাজার এলাকায় গর্তে পড়ে চাকা বিকল হয়ে যায়। গাড়ির চালক মোমিন মিয়া বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। কিন্তু সড়কটি কখনোই ভালো থাকে না।
ঢাকা থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ ও ভৈরবে যেতে এ সড়ক ব্যবহৃত হয়। বিশেষ করে ঢাকার উত্তরাংশে যাঁরা থাকেন, তাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে এ সড়কে চলাচল করেন। মহাখালী থেকে সিলেটসহ অন্যান্য এলাকায় যাওয়ার জন্য বেশ কিছু বাস এ সড়ক দিয়ে চলাচল করে। বসুগাঁও এলাকার হামিদ স্টোরের মালিক হাবিবুর রহমান জানান, বসুগাঁও এলাকায় তিন-চার মাস ধরে খানাখন্দ হয়ে আছে। বৃষ্টি হলে এতে পানি জমে থাকে। ইট দিয়ে জোড়াতালি দিলেও তা ভেঙে যাচ্ছে।
জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাস্তা খারাপ হওয়ায় মীরের বাজার মোড়ে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন করতে পুলিশকে বেশ পরিশ্রম করতে হয়।
সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, টঙ্গী থেকে কালীগঞ্জ সড়কের অনেক স্থানেই খানাখন্দ রয়েছে। তবে মঙ্গলবার থেকে দুটি দল মেরামতের কাজ করছে। বৃষ্টি না হলে আগামী সাত-আট দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।
পাঁচদোনা-ঘোড়াশাল সড়ক: সওজ নরসিংদী কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচদোনা থেকে ঘোড়াশাল বাসস্ট্যান্ড পর্যন্ত দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার। এর মধ্যে গত জুন-জুলাই মাসে সাত কিলোমিটার সড়কের সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এক সপ্তাহ আগে বাকি ৫০০ মিটার সড়কের সংস্কার শুরু হয়। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়ে গেছে বলে জানান সওজের কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, টঙ্গী-সিলেট বাইপাস সড়কের ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় সড়কের মাঝখানে গর্তগুলোতে ইট বিছানোর কাজ চলছে। আর প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের সামনের অংশে ইটের খোয়া ও বালু মিশিয়ে সংস্কার করা হচ্ছে। এ পথে চলাচলকারী চলনবিল পরিবহনের বাসের চালক মোস্তফা মিয়া বলেন, ‘ঘোড়াশাল এলাকার রাস্তা ঠিক হইতাছে কিন্তু ঘোড়াশাল ব্রিজ থেইকা একেবারে পূবাইল পর্যন্ত অবস্থা যা তা। আমগোর ভোগান্তি তো রইয়াই গেল।’
সওজের নরসিংদীর মাধবদী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, ‘ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় ৩০০-৪০০ মিটার সড়ক সংস্কার বাকি ছিল। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামী তিন-চার দিন বৃষ্টি না হলে একেবারে কার্পেটিংয়ের কাজ পর্যন্ত শেষ করতে পারব আশা করছি।’